অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানিয়েছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এখনও ট্রাভেল ডকুমেন্টসের জন্য আবেদন করেননি। আবেদন করা হলে তা দ্রুত সরবরাহ করা হবে। বুধবার (১৭ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।


নির্বাচন প্রসঙ্গে তৌহিদ হোসেন বলেন, “অন্তর্বর্তী সরকার ভারতের কোনো ‘নসিহত’ শুনতে চায় না। গত ১৫ বছরে ভারতের যে পরামর্শ ছিল, তা কার্যকর হয়নি। আমরা একটি ভালো ও গ্রহণযোগ্য নির্বাচনের দিকে এগোচ্ছি।”


ভারতের উত্তর-পূর্বাঞ্চল বা ‘সেভেন সিস্টার্স’ বিচ্ছিন্ন করার বিষয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর বক্তব্যের ব্যাখ্যা জানতে চাইলে তিনি বলেন, “হাসনাত সরকারের কোনো অংশ নয়। তার বক্তব্য সরকারের প্রতিনিধি বক্তব্য নয়।”


তিনি আরও বলেন, “বাংলাদেশ কখনোই সন্ত্রাসবাদী বা বিচ্ছিন্নতাবাদীদের আশ্রয় দেয় না। বর্তমান রাজনৈতিক বাস্তবতায় এমন প্রশ্নই ওঠে না।” ঢাকা-দিল্লি সম্পর্ক নতুন মাত্রায় যাবে কি না—এ বিষয়ে এখনই কোনো মন্তব্য করা সম্ভব নয় বলেও জানান তৌহিদ হোসেন।


ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রচারের বিষয়ে তিনি বলেন, “তাকে গণমাধ্যমে কথা বলার সুযোগ দেওয়া হচ্ছে। ভারত যদি তাকে বাধা না দেয়, তাহলে বাংলাদেশ সরকারও তা থামাতে পারবে না।”