বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, বাংলাদেশে যে গণতন্ত্র শহীদ জিয়াউর রহমান প্রতিষ্ঠা করেছিলেন এবং দেশনেত্রী খালেদা জিয়া লালন করেছেন, সেই গণতন্ত্রের সঙ্গে করেই তারেক রহমান দেশে ফিরছেন। তিনি বলেন, তারেক রহমানের আগমন মানেই গণতন্ত্রের প্রত্যাবর্তন, আর দেশের জনগণ আজ তাকে স্বাগত জানাতে প্রস্তুত।


শনিবার (২০ ডিসেম্বর) গোপীবাগের সাদেক হোসেন খোকা কমিউনিটি সেন্টারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আয়োজিত প্রস্তুতিসভায় মির্জা আব্বাস প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।


তিনি আরও বলেন, যারা দেশের ভালো চায় না বা দেশকে ভালোবাসে না, তারা মানুষের মতো হলেও প্রকৃতপক্ষে মানুষরূপী শয়তান। এরা ১৯৪৭ সালে পাকিস্তানের বিরোধিতা করেছে, ১৯৭১ সালে বাংলাদেশের বিরোধিতা করেছে এবং কখনোই দেশের শান্তি চায় না। কিছুদিন চুপ থাকলেও তাদের কার্যক্রম ধারাবাহিকভাবে ক্ষতিকারক।


মির্জা আব্বাস বলেন, গণতন্ত্রের সামনে অগণতান্ত্রিক শক্তি টিকে থাকতে পারবে না। যারা ষড়যন্ত্র করছেন, তারা সাবধান হোন। প্রথম আলো ও ডেইলি স্টারের মতো কয়েকটি প্রতিষ্ঠানে আগুন দেওয়া হয়েছে—এরা কারা? এরা জাতির শত্রু, তাদের থামানো প্রয়োজন।


তিনি অভিযোগ করেন, সরকারকে সহযোগিতা করার প্রস্তাব দিলে সেটি নেওয়া হয়নি; বরং দেশবিরোধীদের সঙ্গে হাত মিলানো হয়েছে। অগ্নিসন্ত্রাস ও মব সহিংসতা ঘটছে, কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী কার্যকর ভূমিকা নিচ্ছে না, উল্টো বিএনপিকে দোষারোপের চেষ্টা করা হচ্ছে।


মির্জা আব্বাস বলেন, বিএনপি এ দেশে বহুদলীয় গণতন্ত্রের রক্ষক। আমরা হত্যা, মব বা গুমের রাজনীতি করি না। তবে এর মানে এই নয় যে আমরা নীরব থাকব। ২৪-এর অধিকার মানুষ রক্ত দিয়ে আদায় করেছে, আর সেই অধিকারকে পুনঃপ্রতিষ্ঠিত করতে হবে।


তিনি বলেন, দেশের সর্বত্র অসহায়ত্বের ধ্বনি শোনা যাচ্ছে। শহীদ জিয়া যেভাবে বাকশাল ভেঙে গণতন্ত্র ফিরিয়েছিলেন, খালেদা জিয়া ও তারেক রহমান যেভাবে জনগণের পাশে থেকেছেন, এবারও বিএনপি জনগণের পাশে থাকবে। প্রয়োজনে যারা দেশকে অস্থিতিশীল করবে, তাদের প্রতিহত করা হবে।


সভায় আরও বক্তব্য রাখেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব তানভীর আহমেদ রবিনের সভাপতিত্বে—ঢাকা-১০ আসনের বিএনপি মনোনীত প্রার্থী শেখ রবিউল আলম, ঢাকা-৬ আসনের মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন, ঢাকা-৭ আসনের মনোনীত প্রার্থী হামিদুর রহমান হামিদ, ঢাকা-৯ আসনের মনোনীত প্রার্থী হাবিবুর রশিদ হাবিব, ঢাকা-৫ আসনের মনোনীত প্রার্থী নবী উল্লাহ নবী, ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম আহ্বায়ক আনম সাইফুল ইসলাম, হারুনুর রশিদ, আব্দুস সাত্তার, লিটন মাহমুদ, সাইদুর রহমান মিন্টু, মনির চেয়ারম্যান ও মোশাররফ হোসেন খোকন প্রমুখ।