বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সিঙ্গাপুরে চিকিৎসাধীন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের খোঁজ নিয়েছেন। সোমবার বাংলাদেশ সময় সন্ধ্যা পৌনে ৭টার দিকে ফোনে নুরের শারীরিক অবস্থা ও চিকিৎসা সম্পর্কে জানতে চান তিনি।
গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, কথোপকথনের সময় তারেক রহমান নুরের দ্রুত আরোগ্য কামনা করেন।
উল্লেখ্য, গত ২৯ আগস্ট রাতে রাজধানীর বিজয় নগরে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে নুরসহ অন্তত ৫০ জন আহত হন। গুরুতর আহত অবস্থায় নুরকে প্রথমে ইসলামী ব্যাংক হাসপাতালে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ১৮ দিন চিকিৎসার পর তিনি বাসায় ফেরেন। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য গত ২২ সেপ্টেম্বর তাকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নেওয়া হয়।





