বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশনের প্রেস সচিব তারিক চয়ন। শুক্রবার (৯ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি বিষয়টি নিশ্চিত করেন।
পোস্টে তারিক চয়ন জানান, তারেক রহমানের সঙ্গে তার একাধিকবার সরাসরি দেখা ও কথা হয়েছে। সর্বশেষ বৃহস্পতিবার রাতেও তাদের সাক্ষাৎ হয়। তিনি উল্লেখ করেন, দীর্ঘ প্রবাস জীবন, ক্লান্তিকর যাত্রা ও প্রতিকূল আবহাওয়া তারেক রহমানের শারীরিক স্বাস্থ্যের জন্য কঠিন হলেও তিনি মানসিকভাবে দৃঢ় রয়েছেন। দেশ ও গণতন্ত্রের স্বার্থে তার সুস্থতা কামনা করেন তিনি।
আরেক পোস্টে তারিক চয়ন লেখেন, গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে অংশ নিতে গিয়ে দমন-পীড়নের শিকার হওয়া তারেক রহমানকে শোক সহ্য করার শক্তি দেওয়ার জন্য তিনি প্রার্থনা করেন।
এর আগে, গত সোমবার (৪ জানুয়ারি) সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে গুলশানে দলের রাজনৈতিক কার্যালয়ে খোলা শোকবইয়ে স্বাক্ষর করেন কলকাতায় নিযুক্ত বাংলাদেশের প্রেস সচিব তারিক চয়ন।





