বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে ঢাকা যাওয়ার পথে ভোলায় মো. রেজওয়ান আমিন সিফাত (২৫) নামের এক ছাত্রদল কর্মীকে কুপিয়ে হত্যা করা হয়েছে।
বুধবার (২৪ ডিসেম্বর) রাত আনুমানিক ৮টার দিকে উপজেলার রাজাপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ক্লোজার বাজার এলাকায়, নিজ বাড়ির সামনে এ ঘটনা ঘটে।
নিহত সিফাত ওই এলাকার আলাউদ্দিন হাওলাদারের ছেলে এবং রাজাপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি পদপ্রত্যাশী ছিলেন। পরিবারের অভিযোগ, রাজনৈতিক বিরোধ ও দীর্ঘদিনের জমিজমা সংক্রান্ত দ্বন্দ্বের জেরে পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে।
নিহতের বাবা মো. আলাউদ্দিন হাওলাদার জানান, সন্ধ্যার পর ঢাকার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হলে আগে থেকেই ওৎ পেতে থাকা চাচাতো ভাই হাসিবসহ ৫-৬ জন সিফাতের পথরোধ করে। এরপর ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে তাকে গুরুতর আহত করা হয়। সিফাতের চিৎকার শুনে পরিবারের সদস্যরা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পরিবারের দাবি, সিফাতের চাচা সাবেক ইউপি সদস্য মো. হেলাল হাওলাদারের সঙ্গে জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। হেলাল হাওলাদার আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত থাকায় দলীয় প্রভাব খাটিয়ে তাদের পরিবারকে বিভিন্নভাবে নির্যাতন করা হচ্ছিল। এই বিরোধের জেরেই হেলাল হাওলাদার ও তার তিন ছেলে হাসিব, শাকিব ও শিহাবসহ কয়েকজন মিলে হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে অভিযোগ করা হয়েছে। জমি সংক্রান্ত একটি মামলা আদালতে চলমান রয়েছে বলেও পরিবার জানায়।
ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. জুনায়েদ হোসেন জানান, হাসপাতালে আনার আগেই সিফাতের মৃত্যু হয়।
এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট থানা পুলিশ।





