বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তাঁর প্রিয় বিড়ালের সঙ্গে বন্ধুত্বপূর্ণ একটি মুহূর্তের ছবি শেয়ার করেছেন, যা মুহূর্তেই ভাইরাল হয়েছে।

রোববার পোস্ট করা ছবিতে দেখা গেছে, এক হাতে কম্পিউটারের কাজ করছেন তিনি, অন্য হাতে কোমলভাবে বিড়ালকে আদর করছেন। ছবিটি প্রকাশের পরই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে। বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরাও ছবিটি নিয়ে উষ্ণ প্রতিক্রিয়া প্রকাশ করেছেন।

বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সেলিমুজ্জামান সেলিম ছবিটি শেয়ার করে লিখেছেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তারেক রহমান’। ছাত্রদল ইডেন মহিলা কলেজ শাখার সাবেক সভাপতি সেলিনা সুলতানা নিশিতা ফেসবুকে ছবিটি পোস্ট করে লিখেছেন, ‘ভাইয়া’, সঙ্গে জাতীয় পতাকার ছবি যুক্ত করেছেন।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, “ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের রাজনীতির বিষয়গুলো গুরুত্ব দিয়ে পর্যবেক্ষণ করছেন। ব্যক্তিজীবনে তাঁর মানবিক দিকও ফুটে ওঠে, যা প্রিয় পোষা প্রাণী বিড়ালকে আদর করার মাধ্যমে প্রকাশ পাচ্ছে।”