বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে সরকার এখনও কোনো আনুষ্ঠানিক বার্তা পায়নি বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। মঙ্গলবার (২ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
তৌহিদ হোসেন বলেন, তারেক রহমান এখনও ট্রাভেল পাস চাইছেন না। চাইলে তা দ্রুত প্রদান করা সম্ভব হবে। লন্ডনে থাকা বিএনপি নেতার ঢাকায় আসার বিষয়ে সরকারকে এখনও কিছু জানানো হয়নি।
পররাষ্ট্র উপদেষ্টা আরও জানান, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা সংক্রান্ত সিদ্ধান্ত পরিবারের বা দলের পক্ষ থেকে নেওয়া হলে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
এর আগে ৩০ নভেম্বর তৌহিদ হোসেন বলেছিলেন, তারেক রহমান দেশে ফিরতে চাইলে এক দিনের মধ্যেই ‘ওয়ান টাইম পাস’ দেওয়া সম্ভব। তিনি জানিয়েছিলেন, যদি আজ সিদ্ধান্ত জানানো হয়, আগামীকাল পাস দেওয়া যেতে পারে এবং পরশুদিন তিনি প্লেনে উঠতে পারবেন।
তারেক রহমান ২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকারের সময় গ্রেপ্তার হয়ে প্রায় ১৮ মাস কারাবন্দি ছিলেন। ২০০৮ সালের ৩ সেপ্টেম্বর মুক্তির পর একই বছরের ১১ সেপ্টেম্বর পরিবারসহ লন্ডনের উদ্দেশে দেশ ত্যাগ করেন এবং বর্তমানে সেখানেই অবস্থান করছেন।





