বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা ও তাকে সংবর্ধনা দেওয়াকে কেন্দ্র করে বৃহস্পতিবার ঢাকায় ব্যাপক জনসমাগমের আশঙ্কা রয়েছে। এ পরিস্থিতিতে জনস্বাস্থ্য ও জরুরি চিকিৎসাসেবা নিশ্চিত করতে পাঁচটি নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

বুধবার দিবাগত রাতে স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল ও ক্লিনিক শাখার পরিচালক ডা. আবু হোসেন মো. মঈনুল আহসানের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব নির্দেশনা দেওয়া হয়।

নির্দেশনায় বলা হয়েছে, ঢাকা ও আশপাশের এলাকায় জনসমাগমের সম্ভাবনা থাকায় গুরুত্বপূর্ণ স্থানগুলোতে প্রয়োজনীয় মেডিকেল টিম মোতায়েন করবেন ঢাকা জেলা সিভিল সার্জন ও ঢাকা বিভাগের পরিচালক। সংশ্লিষ্ট হাসপাতালগুলোর প্রধানদের কর্মস্থল ত্যাগ না করার নির্দেশ দেওয়া হয়েছে এবং যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত থাকতে বলা হয়েছে।

এ ছাড়া জরুরি বিভাগ সার্বক্ষণিক চালু রাখতে হবে এবং আগামী তিন দিন সব হাসপাতালের প্রধানদের কর্মস্থলে উপস্থিত থাকতে হবে। এ সময়ে কোনো ছুটি নিতে হলে মহাপরিচালকের পূর্বানুমতি নিতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, রাজনৈতিক সহিংসতায় আহত কোনো রোগী হাসপাতালে এলে দ্রুত চিকিৎসা নিশ্চিত করতে হবে এবং একই সঙ্গে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করতে হবে। এ ধরনের রোগীর তথ্য তাৎক্ষণিকভাবে পরিচালক ও মহাপরিচালককে জানাতে নির্দেশ দেওয়া হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, যেকোনো জনসমাগমের ক্ষেত্রে প্রয়োজন অনুযায়ী স্বাস্থ্যসেবা দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সর্বোচ্চ প্রস্তুতি নেবে।