ঢাকা-১৭ আসনে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে নির্বাচনি গণসংযোগে অংশ নিয়েছেন তার কন্যা ব্যারিস্টার জাইমা রহমান।
শনিবার দুপুর ১২টার দিকে গুলশানের পুলিশ প্লাজা থেকে গণসংযোগ শুরু করেন তিনি। এরপর গুলশানের বিভিন্ন সড়ক ঘুরে সাধারণ মানুষের কাছে ধানের শীষের পক্ষে ভোট চেয়েছেন জাইমা রহমান। পথচারী, রিকশাচালক, সিএনজি চালক, দোকানি, ফুটপাতের বিক্রেতা ও শপিংমলে আসা ভোটারদের হাতে নির্বাচনি লিফলেট বিতরণ করা হয়।
ভোটারদের উদ্দেশে জাইমা রহমান বলেন, “আমি তারেক রহমানের কন্যা জাইমা রহমান। আমার বাবা ঢাকা-১৭ আসনের ধানের শীষের প্রার্থী। আপনাদের কাছে তার পক্ষে ভোট চাই।”
গণসংযোগে তিনি পরিবেশবান্ধব বীজও বিতরণ করেন। এসব বীজ মাটিতে বা টবে রোপণ করলে গাছ জন্মাবে বলে জানান তিনি। নির্বাচনি বর্জ্য কমানো ও পরিবেশ রক্ষার লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
এ সময় জাইমা রহমানের সঙ্গে দেখা যায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পরিচর্যাকারী ফাতেমা খাতুনকে। নিরাপত্তা সদস্যদের উপস্থিতি থাকলেও তিনি সরাসরি সাধারণ মানুষের সঙ্গে মিশে ভোট চেয়েছেন।
গুলশান পুলিশ প্লাজা থেকে গুলশান-১ সার্কেল পর্যন্ত গণসংযোগ চলাকালে তাকে ঘিরে উৎসুক জনতার ভিড় দেখা গেছে। অনেকেই তার সঙ্গে ছবি তুলতে এগিয়ে আসেন, যা তিনি সানন্দে গ্রহণ করেছেন।
উল্লেখ্য, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ আসনে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।





