কুমিল্লা সিটি করপোরেশনের ২৬নং ওয়ার্ডের বল্লভপুর এলাকার কিস্তি মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দুই দোকানদারের পাশে দাঁড়িয়েছেন কুমিল্লা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু।

দলীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে তিনি বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দেন।


এ সময় ইউসুফ মোল্লা টিপু দুই ব্যবসায়ীকে নগদ অর্থ এবং পুনরায় ব্যবসা শুরু করার জন্য প্রয়োজনীয় মালামাল প্রদান করেন। তিনি বলেন, “মানুষের দুঃসময়ে পাশে দাঁড়ানোই সবচেয়ে বড় মানবতা। আমি রাজনীতি করি মানুষের সেবার জন্য। ক্ষতিগ্রস্ত দোকানদাররা আমাদের সমাজের পরিশ্রমী অংশ। তাদের পাশে থাকা মানে সমাজের পাশে থাকা।”

তিনি আরও বলেন, “রাজনীতি যদি মানবিক না হয়, তবে তা মানুষের কল্যাণে আসে না। তাই আমাদের সবাইকে যার যার অবস্থান থেকে এগিয়ে আসতে হবে।”


ইউসুফ মোল্লা টিপু শুধু রাজনৈতিক নেতা নন, তিনি মানবিক সংগঠন ‘বিবেক’-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হিসেবেও দীর্ঘদিন ধরে সমাজসেবায় নিয়োজিত। করোনাকালে তার সংগঠন ৪৮৬ জন মৃতদেহ দাফনের কাজ সম্পন্ন করে মানবিক দৃষ্টান্ত স্থাপন করে।


সহায়তা পেয়ে আবেগাপ্লুত দুই দোকানদার বলেন, “আমরা যখন দিশেহারা, তখনই টিপু ভাই আমাদের পাশে দাঁড়িয়েছেন। শুধু অর্থ দিয়ে নয়, তিনি আমাদের মনোবল ফিরিয়ে দিয়েছেন। আমরা চিরকৃতজ্ঞ।”

এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের আহ্বায়ক আনোয়ারুল হক, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সৈয়দ মেরাজ, ২৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোতাহের হোসেন, সহ-সভাপতি কামাল হোসেন, সাধারণ সম্পাদক আবু সাঈদ, প্রবাসী কল্যাণ সম্পাদক জহিরুল ইসলাম হিরুন, মহানগর ছাত্রদলের সভাপতি নাহিদুজ্জামান রানা, যুবদল নেতা কবির হোসেন, রিয়াদ, শরীফ এবং শ্রমিক দলের দেলোয়ার হোসেন প্রমুখ।