রাজবাড়ীর সদর উপজেলার পাচুড়িয়া ইউনিয়নের খোলাবাড়িয়া গ্রামে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের আর্থিক সহায়তা পাওয়া দৃষ্টিপ্রতিবন্ধী গফুর মল্লিকের বাড়িতে হামলা ও লুটপাটের ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশ একজন নারীকে গ্রেপ্তার করেছে।
শুক্রবার (৩০ জানুয়ারি) সন্ধ্যার পর একদল দুর্বৃত্ত দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিতভাবে গফুর মল্লিকের বাড়িতে হামলা চালায়। পরিবারের অভিযোগ, হামলাকারীরা বসতঘরের টিনের বেড়া কুপিয়ে ব্যাপক ভাঙচুর করে এবং ঘরে রাখা প্রায় ৫৫ হাজার টাকা লুট করে নেয়। একই সময় গফুর মল্লিকের ভাই হানিফ মল্লিকের বাড়িতেও হামলা চালানো হয়। সেখানে আসবাবপত্র ভাঙচুরের পাশাপাশি নগদ অর্থ ও বিভিন্ন মালামাল লুট করা হয়েছে বলে অভিযোগ রয়েছে।
ঘটনার পর শুক্রবার রাতেই গফুর মল্লিকের পালিত ছেলে বাতেন মল্লিক বাদী হয়ে রাজবাড়ী সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে খোলাবাড়িয়া গ্রামের নান্নু শেখ, সাদ্দাম শেখ ও রেজাউল ইসলাম নাজিরসহ কয়েকজন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়। এতে বলা হয়, পূর্বের ব্যবসায়িক বিরোধের জেরে পরিকল্পিতভাবে এই হামলা ও লুটপাট চালানো হয়েছে।
রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার জিয়াউর রহমান জানান, অভিযোগের ভিত্তিতে মামলা নেওয়া হয়েছে। ঘটনায় জড়িত সন্দেহে একজন নারীকে গ্রেপ্তার করা হয়েছে এবং অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।
উল্লেখ্য, ৭৫ বছর বয়সী দৃষ্টিপ্রতিবন্ধী গফুর মল্লিক দীর্ঘদিন ধরে বাসে বাসে নাড়ু বিক্রি করে জীবিকা নির্বাহ করে আসছেন। তার সংগ্রামী জীবনের প্রতি সম্মান জানিয়ে গত বছরের ৩০ অক্টোবর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে তাকে ১ লাখ ৭০ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়।





