বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটূক্তির অভিযোগে গ্রেপ্তার হওয়া শিক্ষক এ কে এম শহিদুল ইসলামের জামিন মঞ্জুর করেছেন আদালত। রোববার (২৮ ডিসেম্বর) দুপুরে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানা এ আদেশ দেন। প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক স্বপন বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশের তথ্য অনুযায়ী, এ কে এম শহিদুল ইসলাম রাজধানীর গাবতলী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের উপাধ্যক্ষ হিসেবে কর্মরত। শনিবার (২৭ ডিসেম্বর) ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহিদ শরিফ ওসমান বিন হাদির কবর জিয়ারতের সময় তিনি তারেক রহমানকে উদ্দেশ করে কটূক্তি করেন বলে অভিযোগ রয়েছে।

এ ঘটনায় ঘটনাস্থলে উপস্থিত বিএনপির নেতা-কর্মীরা তাকে আটক করে শাহবাগ থানা-পুলিশের কাছে হস্তান্তর করেন। পরে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

এদিকে এ ঘটনার প্রতিক্রিয়ায় বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এক বিবৃতিতে বলেন, গণতান্ত্রিক রাষ্ট্রে নাগরিকদের মতপ্রকাশের অধিকার রয়েছে। তিনি এ কে এম শহিদুল ইসলামের গ্রেপ্তারকে অনুচিত আখ্যা দিয়ে তার নিঃশর্ত মুক্তির দাবি জানান এবং গণতান্ত্রিক অধিকার সম্মান করার আহ্বান জানান।