ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও দলের চেয়ারম্যান তারেক রহমানের নিরঙ্কুশ জয়ের জন্য মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম অভিনন্দন জানিয়েছেন। একই সঙ্গে, নির্বাচনী প্রক্রিয়ার সুষ্ঠু সমাপনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি।


শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে আনোয়ার ইব্রাহিম বলেন, তিনি তারেক রহমান ও বিএনপিকে বড় বিজয়ের জন্য আন্তরিক অভিনন্দন জানাচ্ছেন এবং এটিকে গণতন্ত্রের বিজয় হিসেবে দেখছেন। তাঁর ভাষায়, কঠিন সময়ে বাংলাদেশের জনগণ ব্যালটের মাধ্যমে স্পষ্টভাবে তাদের মত প্রকাশ করেছে।


তিনি আরও বলেন, এই গুরুত্বপূর্ণ সময়ে প্রধান উপদেষ্টার ভূমিকায় থাকায় এবং গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত রাখতে অধ্যাপক মুহাম্মদ ইউনূস যে অবদান রেখেছেন, তার জন্য তিনি কৃতজ্ঞ।


পোস্টে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী উল্লেখ করেছেন, নতুন নেতৃত্বের সঙ্গে কাজ করে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ককে নতুন উদ্যমে এগিয়ে নিয়ে যেতে তার দেশ আগ্রহী এবং বাংলাদেশের জনগণের প্রতি আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন।