আলোচিত বক্তা মাওলানা তারেক মনোয়ারের সাম্প্রতিক এক বক্তব্যের দায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর ওপর চাপানোর সমালোচনা করেছেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) এক বিবৃতিতে তিনি বলেন, কয়েক দিন আগে মাওলানা তারেক মনোয়ার সিরাতুন্নবী (সা.) মাহফিল উপলক্ষে আয়োজিত এক ঘরোয়া আলোচনায় দরসে নেযামীর আলেমদের নিয়ে বক্তব্য দেন। ওই বক্তব্য সম্পূর্ণ তার ব্যক্তিগত মত, এর সঙ্গে জামায়াতের কোনো সম্পর্ক নেই। এ ছাড়া তিনি ইতোমধ্যেই ওই বক্তব্যের জন্য ক্ষমা চেয়েছেন। তারপরও এ বক্তব্যের দায় জামায়াতের ওপর চাপানোর চেষ্টা দুঃখজনক ও অনভিপ্রেত।
এহসানুল মাহবুব জুবায়ের আরও বলেন, জামায়াতে ইসলামি সবসময় আলেম সমাজের প্রতি শ্রদ্ধাশীল। আলেমরা যুগ যুগ ধরে মুসলিম উম্মাহকে দিকনির্দেশনা দিয়ে আসছেন এবং ইসলামের আলো ছড়িয়ে দিচ্ছেন। তাদের মর্যাদা ক্ষুণ্ন করার মতো কোনো অবস্থান জামায়াত কখনো নেয়নি। তাই এ ঘটনায় দলটিকে বিতর্কিত করার কোনো সুযোগ নেই।





