রাজধানী ঢাকায় কয়েক দিন ধরে বৃষ্টি না হওয়ায় বাড়ছে গরমের তীব্রতা। ভ্যাপসা গরমে চরম ভোগান্তিতে পড়েছে নগরবাসী। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বৃষ্টি না থাকায় আগামী পাঁচ দিনে তাপমাত্রা আরও কিছুটা বাড়তে পারে।
মঙ্গলবার (২১ অক্টোবর) আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছার সই করা সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
পূর্বাভাসে বলা হয়েছে, দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর ও এর আশপাশে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যা পরবর্তীতে আরও ঘনীভূত হতে পারে।
মঙ্গলবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়—চট্টগ্রাম বিভাগের কিছু স্থানে হালকা বা মাঝারি ধরনের বৃষ্টি কিংবা বজ্রবৃষ্টি হতে পারে। দেশের বাকি অংশে আংশিক মেঘলা আকাশ থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। দিন ও রাতের তাপমাত্রায় তেমন পরিবর্তন হবে না।
বুধবার (২২ অক্টোবর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসেও চট্টগ্রাম বিভাগের কয়েকটি স্থানে বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে দেশের অন্য সব স্থানে আংশিক মেঘলা আকাশ ও শুষ্ক আবহাওয়া বিরাজ করতে পারে। দিন ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু এলাকায় বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা থাকলেও দেশের অন্যত্র আবহাওয়া শুষ্ক থাকবে এবং আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। সেদিনও তাপমাত্রায় উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই।
শুক্রবার (২৪ অক্টোবর) খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু এলাকায় বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। অন্যদিকে দেশের অন্য অংশে শুষ্ক আবহাওয়া বিরাজ করবে। তবে সেদিন সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে।
শনিবার (২৫ অক্টোবর) ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু স্থানে বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশ ও শুষ্ক আবহাওয়া বজায় থাকতে পারে। দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমে আসতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের মতে, সামগ্রিকভাবে আগামী পাঁচ দিনে দেশের দিন ও রাতের তাপমাত্রা আরও কিছুটা বাড়তে পারে।





