শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ বুধবার দেশের ৩৭ জেলার ৬৮টি সরকারি কলেজের নাম পরিবর্তন করে প্রজ্ঞাপন জারি করেছে। এতে গাজীপুরের কাপাসিয়ায় অবস্থিত ‘সরকারি শহীদ তাজউদ্দীন আহমদ ডিগ্রি কলেজ’ নাম পরিবর্তন করে নতুন নামকরণ করা হয়েছে ‘কাপাসিয়া সরকারি ডিগ্রি কলেজ’।
\r\nএই নাম পরিবর্তনকে 'অযৌক্তিক সিদ্ধান্ত' হিসেবে উল্লেখ করেছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খান। বৃহস্পতিবার দুপুরে তিনি নিজের ফেসবুক আইডিতে একটি পোস্টে এই পদক্ষেপের প্রতিবাদ জানিয়েছেন।
\r\nফেসবুক পোস্টে রাশেদ খান লিখেছেন, \"বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী শহীদ তাজউদ্দীন আহমদের নামে থাকা ‘সরকারি শহীদ তাজউদ্দীন আহমদ ডিগ্রি কলেজ’ নাম পরিবর্তন করে ‘কাপাসিয়া সরকারি ডিগ্রি কলেজ’ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এটি একটি অযৌক্তিক সিদ্ধান্ত। তাজউদ্দীন আহমদ জাতির ইতিহাসে অমর নাম, তার অবদান এই দেশের জন্য অতুলনীয়। তাকে সম্মানিত না করে, ইতিহাস থেকে মুছে ফেলা যাবে না।\"
\r\nতিনি আরও বলেন, \"তাজউদ্দীন আহমদ শেখ মুজিবের সরকারের সময় শোষণ ও বঞ্চনার শিকার হয়েছেন। তাঁকে রাজনীতি থেকে অপ্রাসঙ্গিক করার প্রতিটি প্রচেষ্টা আওয়ামী লীগ এবং শেখ মুজিবের পক্ষ থেকে হয়েছিল। তবুও তার মর্যাদা, সম্মান এবং জনগণের কাছে তার পরিচয় স্বচ্ছ। সেই কারণে, তাজউদ্দীন আহমদকে অসম্মানিত করার এই উদ্যোগ একেবারেই গ্রহণযোগ্য নয়। কলেজটির নাম অবশ্যই তাজউদ্দীন আহমদের নামে রাখতে হবে।\"
\r\nএই পোস্টে তিনি সরকারের কাছে এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার আহ্বান জানিয়েছেন এবং তাজউদ্দীন আহমদের নামে কলেজটি রাখার দাবি জানিয়েছেন।





