বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের (বিএসআরএফ) কার্যনির্বাহী কমিটি রোববার (২ নভেম্বর) বিকালে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমের সঙ্গে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে সাক্ষাৎ করেছেন।
সাক্ষাৎকালে বিএসআরএফ-এর সভাপতি মাসউদুল হক জানান, জনপ্রশাসন মন্ত্রণালয় সচিবালয় বিটে কর্মরত অ্যাক্রিডিটেশন কার্ডধারী সাংবাদিকদের জন্য সচিবালয়ের ক্লিনিকে স্বাস্থ্যসেবা চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২০২৪ সালের ২২ ডিসেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে স্বাস্থ্যসেবা বিভাগের কাছে এ সংক্রান্ত পত্র পাঠানো হলেও এখন পর্যন্ত এটি বাস্তবায়িত হয়নি। তিনি তথ্য ও সম্প্রচার উপদেষ্টার সহযোগিতা কামনা করেন যাতে দ্রুত স্বাস্থ্যসেবা শুরু করা যায়।
এছাড়া, মাসউদুল হক সচিবালয়ে প্রবেশের ক্ষেত্রে অ্যাক্রিডিটেশন কার্ডধারী সাংবাদিকদের জন্য ১ নম্বর গেটের পাশাপাশি ৫ নম্বর গেট ব্যবহার করার সুবিধা নিশ্চিত করার অনুরোধ জানান।
তথ্য ও সম্প্রচার উপদেষ্টা এই প্রস্তাব আন্তরিকভাবে বিবেচনা করার আশ্বাস দেন। সাক্ষাৎকালে বিএসআরএফ-এর সহ-সভাপতি মাইনুল হোসেন পিন্নু, সাধারণ সম্পাদক উবায়দুল্লাহ বাদল এবং অন্যান্য কার্যনির্বাহী সদস্যরা উপস্থিত ছিলেন।





