সংবিধানের ত্রয়োদশ সংশোধনীকে বৈধ ঘোষণা করে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের রায় দিয়েছে আপিল বিভাগ। বৃহস্পতিবার সকাল ৯টা ৪০ মিনিটে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে সাত সদস্যের পূর্ণাঙ্গ বেঞ্চ এ ঐতিহাসিক রায় ঘোষণা করে। বেঞ্চে ছিলেন বিচারপতি মো. আশফাকুল ইসলাম, বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী, বিচারপতি মো. রেজাউল হক, বিচারপতি এস এম ইমদাদুল হক, বিচারপতি এ কে এম আসাদুজ্জামান এবং বিচারপতি ফারাহ মাহবুব।
রায় ঘোষণার সময় আদালতের এজলাস আইনজীবী ও গণমাধ্যমকর্মীতে পূর্ণ ছিল।
রায়ে বলা হয়েছে, চলমান অন্তর্বর্তী সরকারের অধীনেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। আর চতুর্দশ সংসদ নির্বাচন থেকে কার্যকর হবে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা।
এর আগে ১১ নভেম্বর শুনানি শেষে আজ রায়ের তারিখ নির্ধারণ করে সর্বোচ্চ আদালত। শুনানিতে বিএনপি, জামায়াতসহ আপিলকারীদের আইনজীবীরা জানান, তত্ত্বাবধায়ক ব্যবস্থা ফিরে এলেও আগামীর নির্বাচন অন্তর্বর্তী সরকারের অধীনেই হবে। তবে চতুর্দশ জাতীয় সংসদ নির্বাচন হবে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে।
২০১১ সালের ১০ মে তৎকালীন আপিল বিভাগ সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে ত্রয়োদশ সংশোধনী বাতিল ঘোষণা করেছিল। সরকার পরিবর্তনের পর ৫ আগস্ট তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনার দাবিতে নতুন আইনি প্রক্রিয়া শুরু হয়।
চলতি বছরের ২৭ আগস্ট বাতিল রায় পুনর্বিবেচনা চেয়ে করা আবেদন মঞ্জুর করে আপিলের অনুমতি দেয় আদালত। এরপর ড. বদিউল আলম মজুমদারসহ পাঁচজন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জামায়াতের সেক্রেটারি জেনারেল গোলাম পরওয়ার আপিল করেন।





