তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচন হলেও স্থানীয় সরকার নির্বাচন যেন না হয়—এমন অবস্থান পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, “তত্ত্বাবধায়ক সরকারের স্থায়িত্ব তিন মাসের বেশি হওয়া উচিত নয় এবং স্থানীয় সরকার নির্বাচন তাদের এখতিয়ারেও থাকা উচিত নয়।”

\r\n

মঙ্গলবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে চলমান বিষয়ভিত্তিক সংলাপে অংশ নেয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন বিএনপির এই শীর্ষ নেতা।

\r\n

সালাহউদ্দিন আহমদ বলেন, “আমরা মনে করি, তত্ত্বাবধায়ক সরকার একটি নির্দিষ্ট লক্ষ্য পূরণের জন্য আসবে—সেটা হলো অবাধ ও সুষ্ঠু জাতীয় নির্বাচন আয়োজন। তারা যেন স্থানীয় সরকার নির্বাচন পরিচালনার মতো দায়িত্ব না পায়।”

\r\n

সংলাপে বিএনপির পক্ষ থেকে আরও কিছু গুরুত্বপূর্ণ প্রস্তাব উত্থাপন করা হয়। এর মধ্যে রয়েছে—জাতীয় নিরাপত্তার মতো স্পর্শকাতর বিষয়ে ভবিষ্যতে সিদ্ধান্ত নিতে হলে সংসদে সব রাজনৈতিক দলের ঐকমত্য আবশ্যক করা।

\r\n

তিনি জানান, কমিশনের সুপারিশ অনুযায়ী আস্থা ভোট, অর্থবিল এবং সংবিধান সংশোধন ছাড়া অন্যান্য বিষয়ে সংসদ সদস্যদের স্বাধীনভাবে ভোট দেওয়ার কথা বলা হয়েছে। তবে বিএনপি চায়, জাতীয় নিরাপত্তা সংশ্লিষ্ট সিদ্ধান্তগুলোকেও এই বিধির আওতায় আনা হোক।

\r\n

সালাহউদ্দিন আহমদ বলেন, “যদি কখনো যুদ্ধ পরিস্থিতির সৃষ্টি হয় বা জাতীয় নিরাপত্তা হুমকির মুখে পড়ে, তাহলে শুধু সরকারি দল নয়—সব দলের সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নিতে হবে। আমরা চাই, বিষয়টি সংবিধানে স্পষ্টভাবে অন্তর্ভুক্ত হোক।”

\r\n

সংসদীয় স্থায়ী কমিটির বিষয়ে কমিশনের প্রস্তাব সম্পর্কেও মত দেয় বিএনপি। প্রস্তাবে সব সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান বিরোধী দল থেকে করার পরামর্শ থাকলেও বিএনপি তা পুরোপুরি সমর্থন করেনি। সালাহউদ্দিন আহমদ বলেন, “সব কমিটির চেয়ারম্যান বিরোধী দল থেকে হলে সরকার কার্যক্রম পরিচালনায় বাধাগ্রস্ত হতে পারে। তাই কিছু গুরুত্বপূর্ণ কমিটির নেতৃত্ব বিরোধী দলকে দেওয়া যেতে পারে, তবে সব নয়।”

\r\n

প্রসঙ্গত, আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠার লক্ষ্যে ৩০টি রাজনৈতিক দলের সঙ্গে ধারাবাহিকভাবে সংলাপ চালিয়ে যাচ্ছে জাতীয় ঐকমত্য কমিশন। জুলাই মাসে একটি সম্মিলিত সংস্কার প্রস্তাবনা—‘জুলাই সনদ’ প্রকাশের লক্ষ্য নিয়েই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।