ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার করতে নতুন নির্দেশনা জারি করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এতে বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত রাত ৯টা থেকে ভোর ৬টা পর্যন্ত সব আবাসিক হলের পকেট গেট বন্ধ রাখা হবে।

\r\n

বৃহস্পতিবার (৩ জুলাই) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

\r\n

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, ক্যাম্পাসে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা এবং অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এ-সংক্রান্ত নির্দেশনা ইতোমধ্যে এস্টেট অফিস থেকে বিশ্ববিদ্যালয়ের সব আবাসিক হলে পাঠানো হয়েছে।

\r\n

নির্দেশনায় আরও বলা হয়, বিশ্ববিদ্যালয়ের সব অনুষদ, হল, ইনস্টিটিউট, বাংলো, একাডেমিক ভবন, প্রশাসনিক ভবন ও আবাসিক এলাকায় কর্মরত নিরাপত্তাকর্মীদের নির্ধারিত ইউনিফর্ম পরে দায়িত্ব পালন করতে হবে।

\r\n

এ ছাড়া ক্যাম্পাসে বহিরাগতদের চলাচলের বিষয়ে নিরাপত্তা প্রহরীদের সতর্ক থাকতে বলা হয়েছে। সন্দেহজনক ব্যক্তি বা কর্মকাণ্ড চোখে পড়লে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট অফিস প্রধান, প্রক্টর অফিস অথবা এস্টেট ম্যানেজারকে অবহিত করার নির্দেশ দেওয়া হয়েছে।