আপোষহীন সংগ্রামের প্রতীক বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে তার ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা জানিয়ে শোকবার্তা দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু)।


মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় ঢাবির কেন্দ্রীয় মসজিদে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।


এদিকে এক শোকবার্তায় ডাকসু জানায়, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতের পর দেশের এক অন্ধকার সময়ে বেগম খালেদা জিয়া দৃঢ় প্রত্যয়ে সামনে এগিয়ে এসেছিলেন। স্বৈরাচারের দমন-পীড়ন ও রাজনৈতিক প্রতিহিংসার মুখে দাঁড়িয়ে তিনি হয়ে ওঠেন গণতান্ত্রিক আন্দোলনের প্রধান মুখ এবং জনগণের প্রত্যাশার কেন্দ্রবিন্দু।


শোকবার্তায় আরও বলা হয়, আলেম-ওলামাসহ আধিপত্যবাদবিরোধী শক্তির বিরুদ্ধে যখন অপবাদ, ষড়যন্ত্র ও বিভাজনের মাধ্যমে দেশপ্রেমিক শক্তিকে ধ্বংসের চেষ্টা চালানো হয়েছিল, তখন বেগম খালেদা জিয়া সত্য, ন্যায় ও জাতীয় সার্বভৌমত্বের পক্ষে অবিচল ছিলেন। তিনি কখনো বিদেশি তোষামদ বা চাপের কাছে নতি স্বীকার করেননি; বরং বাংলাদেশকে নিয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকতে চেয়েছিলেন।


ডাকসু জানায়, স্বৈরতন্ত্র, ভিনদেশি আধিপত্যবাদ ও ফ্যাসিবাদের বিরুদ্ধে তার নেতৃত্বে গড়ে ওঠা গণআন্দোলন দেশের রাজনৈতিক ইতিহাসে এক অনন্য অধ্যায় হয়ে থাকবে। ২০১৩ সালে শাহবাগের ইসলামবিদ্বেষী উন্মাদনা তিনি প্রত্যাখ্যান করেছিলেন এবং শাপলা চত্বরে শান্তিপূর্ণ জনতার পাশে দাঁড়ানোর অবস্থান নিয়েছিলেন। কারাবন্দি আলেম ও আধিপত্যবাদবিরোধী রাজনৈতিক নেতাদের মুক্তির দাবিতে তার আপোষহীন ভূমিকা ছিল বিরল সাহসের দৃষ্টান্ত।


শোকবার্তায় আরও বলা হয়, জুলাই বিপ্লবের আগপর্যায়ে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে তাকে বাড়িছাড়া হতে হয়। পরবর্তীতে দীর্ঘ কারাবাস ও চিকিৎসা বঞ্চনাসহ নানা নির্যাতন তিনি সহ্য করেছেন অটল বিশ্বাস ও দৃঢ়তা নিয়ে। তার জীবন ছিল সংগ্রামের, পথচলা ছিল প্রতিরোধের। তার মৃত্যু বাংলাদেশের মানুষের হৃদয়ে গভীর শূন্যতা সৃষ্টি করবে। রাজনৈতিক সহাবস্থান, নাগরিক অধিকার ও জাতীয় সার্বভৌমত্বের সংগ্রামে তার অবদান যুগ যুগ ধরে প্রেরণার উৎস হয়ে থাকবে।


ডাকসু শোকবার্তার শেষাংশে জানায়, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করছে এবং তার শোকসন্তপ্ত পরিবার, শুভাকাঙ্ক্ষী ও দেশবাসীর প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে। মহান আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন এবং এই জাতিকে কল্যাণের পথে পরিচালিত হওয়ার তাওফিক দান করেন।