৪৭তম বিসিএস লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে ময়মনসিংহে কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তিস্তা এক্সপ্রেস ট্রেন অবরোধ করেছে। এতে ময়মনসিংহ ও ঢাকার মধ্যে রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।
রোববার (২৩ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের আব্দুল জব্বার মোড়ে আন্দোলনকারীরা ঢাকা-ময়মনসিংহগামী তিস্তা ট্রেন আটকে রেখেছেন। আন্দোলনকারীরা জানিয়েছেন, দাবি না মানা পর্যন্ত আন্দোলন ও রেল অবরোধ চলবে। এ সময় অর্ধশতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
শিক্ষার্থী মো. আশরাফুল ইসলাম বলেন, সরকারি চাকরিতে বৈষম্য নিরসনের জন্য জুলাইয়ে যে গণঅভ্যুত্থান হয়েছিল, সেই ক্ষেত্রে আবার নতুন বৈষম্যের উদ্ভব হয়েছে। পূর্বের বিসিএস লিখিত পরীক্ষায় ৬ মাস থেকে ১ বছরের প্রস্তুতির সময় দেওয়া হতো, কিন্তু এ বছর নতুন ব্যাচের জন্য মাত্র ২ মাস সময় দেওয়া হয়েছে, যা গ্রহণযোগ্য নয়। তিনি বলেন, পিএসসিকে এটি মানতেই হবে, না হলে অবরোধ চলবে।
অন্য শিক্ষার্থী মেহরাজ হাসান রাফি জানান, লিখিত পরীক্ষার জন্য ন্যূনতম প্রস্তুতির সময় দেওয়া প্রয়োজন, যাতে শিক্ষার্থীরা ভালোভাবে পরীক্ষা দিতে পারে। পিএসসি যদি স্বৈরাচারী আচরণ অব্যাহত রাখে, অবরোধও চলবে।
এর আগে শনিবার (২২ নভেম্বর) বিকেলে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে ক্ষুদ্র মিছিলের মাধ্যমে আব্দুল জব্বার মোড়ে জমায়েত হন। বিকেল সাড়ে ৪টায় তারা রেললাইনে অবস্থান নেন, যার ফলে ময়মনসিংহ রুটের তিনটি ট্রেন সাড়ে তিন ঘণ্টা ধরে আটকে থাকে।
অবরুদ্ধ তিনটি ট্রেন হলো ঢাকাগামী তিস্তা এক্সপ্রেস ও মহুয়া এক্সপ্রেস এবং মোহনগঞ্জগামী মোহনগঞ্জ এক্সপ্রেস। পরে রাত ৮টা ২০ মিনিটের দিকে শিক্ষার্থীরা বিসিএস পরীক্ষার প্রবেশপত্র পুড়িয়ে প্রতিবাদ জানিয়ে অবরোধ তুলে নেন।





