ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) রাজধানীতে সভা-সমাবেশ সংক্রান্ত নতুন নির্দেশনা জারি করেছে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত একটি গণ-বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

গণ-বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জনশৃঙ্খলা বজায় রাখা এবং প্রধান উপদেষ্টার নিরাপত্তা নিশ্চিত করার জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স (অর্ডিন্যান্স নং-III/৭৬) এর ২৯ ধারার ক্ষমতাবলে ৭ সেপ্টেম্বর থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশ সচিবালয় (সংলগ্ন এলাকা) ও প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা এবং পার্শ্ববর্তী এলাকায়—যেমন হোটেল ইন্টারকন্টিনেন্টাল ক্রসিং, কাকরাইল মসজিদ ক্রসিং, অফিসার্স ক্লাব ক্রসিং এবং মিন্টু রোড ক্রসিং—কোনো ধরনের সভা, সমাবেশ, গণজমায়েত, মিছিল, মানববন্ধন, অবস্থান ধর্মঘট, শোভাযাত্রা ইত্যাদি সম্পূর্ণ নিষিদ্ধ।

এর আগে ডিএমপি প্রধান উপদেষ্টার বাসভবন ও সচিবালয় এলাকা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানে একাধিকবার সভা-সমাবেশ নিষিদ্ধের নির্দেশনা জারি করেছিল।