রাজধানীর বিভিন্ন এলাকায় ঝটিকা মিছিল করার সময় আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ২৪৪ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (আজ) বিকেলে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মো. নজরুল ইসলাম।

তিনি বলেন, কার্যক্রম নিষিদ্ধ সংগঠনটি রাজধানীর বিভিন্ন পয়েন্টে ঝটিকা মিছিল করার চেষ্টা করে। এসব মিছিলে অংশ নেওয়া ২৪৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে ১৪টি ককটেল ও ৬০টি ব্যানার উদ্ধার করা হয়। নজরুল ইসলাম জানান, এই অভিযানে ডিএমপির গোয়েন্দা পুলিশ এবং স্থানীয় জনতা সহযোগিতা করেছে।

তিনি আরও জানান, এর আগেও একই ধরনের ঝটিকা মিছিল থেকে প্রায় ৫০০ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।