আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকার দুটি আসনকে অধিক ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে বাংলাদেশ সেনাবাহিনী। শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর মিরপুর ইনডোর স্টেডিয়ামে ঢাকা-১৪, ১৬ ও ১৮ আসনের সার্বিক নিরাপত্তা ও নির্বাচন প্রস্তুতি বিষয়ে আয়োজিত ব্রিফিংয়ে এ তথ্য জানান মিরপুর ক্যাম্প কমান্ডার লে. কর্নেল এস এম ফুয়াদ মাসরুর।
তিনি জানান, ঢাকা-১৪, ১৬ ও ১৮ আসনের মোট ভোটকেন্দ্রের প্রায় ১৮ শতাংশ ঝুঁকিপূর্ণ। এর মধ্যে ঢাকা-১৪ ও ঢাকা-১৬ আসনকে তুলনামূলকভাবে অধিক ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচনা করা হয়েছে।
লে. কর্নেল ফুয়াদ মাসরুর বলেন, ভোটারদের নিরাপদ ও নির্বিঘ্নে ভোটকেন্দ্রে আসা-যাওয়া নিশ্চিত করতে সেনাবাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। ঝুঁকির মাত্রা অনুযায়ী ভোটকেন্দ্রগুলোকে অধিক ঝুঁকিপূর্ণ, মধ্যম ও সাধারণ হিসেবে ভাগ করে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এ সময় নির্বাচন কাভারেজে পেশাদারিত্ব বজায় রাখতে সাংবাদিকদের প্রতি আহ্বান জানান তিনি। কোনো বিশৃঙ্খলা বা নাশকতার তথ্য পেলে প্রাথমিক যাচাই ছাড়া উসকানি সৃষ্টি হয় এমন কিছু প্রচার না করার অনুরোধ করেন ক্যাম্প কমান্ডার। তিনি আরও জানান, নির্বাচনের সময় প্রার্থীদের পাশাপাশি গণমাধ্যমকর্মীদের নিরাপত্তাও নিশ্চিত করবে সেনাবাহিনী। সংবাদকর্মীরা কোথাও ঝুঁকি অনুভব করলে তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর আহ্বানও জানান তিনি।





