পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় ও পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, পরিবেশ অধিদপ্তরের নতুন অফিস ভবন ঢাকার প্রথম সরকারি গ্রিন বিল্ডিং হিসেবে নির্মিত হবে। ভবনটিকে এনভায়রনমেন্টাল সেন্টার অব এক্সিলেন্স হিসেবে গড়ে তোলা হবে। এতে রেইনওয়াটার হার্ভেস্টিং, সোলার পাওয়ার এবং এসটিপি-সহ সবুজ প্রযুক্তি ব্যবহার করা হবে। গ্রিন বিল্ডিং নির্মাণে অভিজ্ঞ গার্মেন্টস খাতের পরামর্শও নেওয়া হবে।

রোববার (২৮ সেপ্টেম্বর) সচিবালয়ে পরিবেশ মন্ত্রণালয়ের সভাকক্ষে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা সভায় তিনি এসব কথা জানান।

সৈয়দা রিজওয়ানা জানান, গাজীপুরসহ বিভিন্ন শিল্পঘন এলাকায় পরিবেশ অধিদপ্তরের নিজস্ব ভবন স্থাপন করা হবে, যাতে স্থানীয় পর্যায়ে পরিবেশ সুরক্ষার কার্যক্রম আরও জোরদার করা যায়। তিনি এনফোর্সমেন্ট কার্যক্রমের জন্য পর্যাপ্ত পরিবহনের ব্যবস্থার কথাও উল্লেখ করেন।

উপদেষ্টা আরও বলেন, সরকারের উন্নয়ন প্রকল্পসমূহ যথাসময়ে ও যথাযথভাবে বাস্তবায়ন করতে হবে। বিলম্ব বা শৈথিল্য জনগণের প্রত্যাশা পূরণে বাধা সৃষ্টি করতে পারে। তাই সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকতা ও দক্ষতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।

সভায় পরিবেশ মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ, অতিরিক্ত সচিব (জলবায়ু পরিবর্তন) মোহাম্মদ নাভিদ শফিউল্লাহ, অতিরিক্ত সচিব (প্রশাসন ও উন্নয়ন) মো. খায়রুল হাসান এবং পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. কামরুজ্জামানসহ বিভিন্ন প্রকল্প পরিচালক উপস্থিত ছিলেন।