গত কয়েক দিনে রাজধানী ঢাকায় একের পর এক ককটেল বিস্ফোরণ এবং বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে, যা নগরবাসীর মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা সৃষ্টি করেছে। এই পরিস্থিতিতে ঢাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) মঙ্গলবার (১১ নভেম্বর) জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, ডিএমপি কমিশনার আজ বিকেল পৌনে চারটায় মিডিয়া সেন্টারে এই সংবাদ সম্মেলন করবেন।

আগামী ১৩ নভেম্বর আওয়ামী লীগের ঘোষিত ‘লকডাউন’ কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানীর বিভিন্ন এলাকায় বাসে আগুন দেওয়া হচ্ছে এবং গুরুত্বপূর্ণ স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটছে। এ ধরনের ঘটনার পেছনে কে বা কারা জড়িত তা আইনশৃঙ্খলা বাহিনী এখনো নিশ্চিত করে কিছু জানায়নি। তবে ইতোমধ্যেই রাজধানীতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এর আগে মধ্যরাতে রাজধানীর তিনটি বাস এবং একটি প্রাইভেটকারে আগুন লাগে, পাশাপাশি বাংলামোটরে ককটেল বিস্ফোরণের পর দুইজনকে গণপিটুনির মতো ঘটনা ঘটেছে।