বাংলাদেশকে মবের রাজত্বে পরিণত ও বিবৃতিবাজ সরকার হিসেবে আখ্যায়িত করেছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক রুহিন হোসেন প্রিন্স।

শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে ঝিনাইদহ শহরের পায়রা চত্বরে সিপিবির ঝিনাইদহ জেলা সম্মেলনের উদ্বোধনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন।

প্রিন্স বলেন, “ড. ইউনূস মব সন্ত্রাস দমন করতে পারেননি, বরং মব সন্ত্রাসীদের প্রশ্রয় দিয়েছেন। যারা অপরাধে জড়িত, তাদের প্রতিহত করতে ব্যর্থ হয়েছেন। এটা আমরা চাই না। অতএব, ক্ষমতায় থাকার কোনো নৈতিক অধিকার এই সরকারের নেই।”

তিনি আরও বলেন, “আগের ৫৪ বছরে যারা ক্ষমতায় ছিল, তারা দেশের মুক্তি আনতে ব্যর্থ হয়েছে। এক বছরের অন্তর্বর্তীকালীন সরকারও ৩৩ মার্কস পেয়েও পাস করতে পারেনি। এই সরকারের কার্যক্রম জনগণের মর্যাদা রক্ষা করছে না।”

প্রিন্স যোগ করেন, “আমাদের আন্দোলনের লক্ষ্য ছিল ভোটাধিকার, গণতন্ত্র ও বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠা করা। কিন্তু এক বছর এক মাসে দেখা যাচ্ছে, অন্তর্বর্তী সরকার মানুষের প্রতি দায়িত্ব পালন করতে ব্যর্থ। এমনকি কবর থেকে লাশ তুলে পোড়ানোর ঘটনায় সরকারের ভূমিকা বিবেচনায় নিলে আমরা হতাশ।”

সমাবেশে উদ্বোধন ঘোষণা করেন সিপিবির প্রবীণ নেতা আবু কালাম আজাদ। সভাপতিত্ব করেন জেলা কমিটির সভাপতি রবিউল আলম খোকন, বক্তব্য রাখেন জেলা সাধারণ সম্পাদক স্বপন বাগচী, সহকারী সাধারণ সম্পাদক আবু তোয়াব অপু, জেলা কমিটির অন্যান্য নেতারা।