ড. মুহাম্মদ ইউনূসের যুক্তরাষ্ট্র সফরকে শতভাগ সফল উল্লেখ করেছেন সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি। বৃহস্পতিবার নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশিত এক বিশ্লেষণে তিনি বলেন, এই সফর বাংলাদেশের রাজনীতির সব হিসাব-নিকাশ পাল্টে দিয়েছে।

রনি বলেন, ড. ইউনূস যুক্তরাষ্ট্রে যাওয়ার আগেই নানা আলোচনা-সমালোচনা তৈরি হয়েছিল। কেউ বলছিলেন বিএনপি ভারতের সঙ্গে ঘনিষ্ঠ হচ্ছে, কেউ বলছিলেন আওয়ামী লীগ জামায়াতের সঙ্গে যোগাযোগ করছে, আবার কেউ দাবি করছিলেন এনসিপি বিএনপির কাছ থেকে আসন ভাগাভাগির চেষ্টা করছে। এর মধ্যেই ইউনূস তিনটি দলের ৬ নেতাকে নিয়ে নিউইয়র্কে গেছেন।

তিনি আরও বলেন, “ইউনূস নিউইয়র্কে শুধু বক্তৃতা দিতে যাননি। তার সফরের পর আওয়ামী লীগের কিছু নেতাকে বিমানবন্দরে অপদস্ত করা হয়েছে, আর এর প্রতিক্রিয়ায় এনসিপি নেতারা তাদের এলাকায় প্রতিশোধ নিয়েছেন। এই বিভেদ আগে ছিল না, ড. ইউনূসের সফরের পরই রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি হয়েছে।”

রনির মতে, বিএনপি-আওয়ামী লীগের মধ্যে ডাকসু নির্বাচনের পর অলিখিত সমঝোতা চলছিল। কিন্তু জামায়াতের ছাত্র সংগঠন শিবিরের জয়ের পর বিএনপির ভেতরে ক্ষোভ তৈরি হয়। এর মধ্যেই ড. ইউনূস কৌশল দেখিয়ে মির্জা ফখরুলকে সফরসঙ্গী করেন, যা তার রাজনৈতিক ক্যারিয়ারের জন্য ক্ষতিকর হয়ে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেন রনি।

তিনি বলেন, “জাতিসংঘ অধিবেশনে বিএনপির কোনো নেতাকে দেখা যায়নি, কেবল ইউনূস ও তার সঙ্গীদের দেখা গেছে। ফখরুলের সমালোচকরা বলছেন, দ্রুত তার দেশে ফিরে আসা উচিত।”

রনি দাবি করেন, “ড. ইউনূস যে মিশন নিয়ে যুক্তরাষ্ট্রে গেছেন, তাতে তিনি শতভাগ সফল হয়েছেন। তবে এতে যারা ফাঁদে পড়েছেন, তাদের রাজনৈতিক সর্বনাশ অনিবার্য। এর প্রভাব আগামী কয়েক সপ্তাহে বাংলাদেশের রাজনীতিতে স্পষ্ট হবে।”