মালয়েশিয়া ন্যাশনাল ইউনিভার্সিটি (ইউকেএম) অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করেছে।


\r\n

বুধবার (১৩ আগস্ট) কুয়ালালামপুরে ইউকেএম অডিটোরিয়ামে বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের কাছ থেকে এই সম্মাননা গ্রহণ করেন তিনি। সামাজিক ব্যবসা প্রসারে তাঁর অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ এ ডিগ্রি প্রদান করা হয়। অনুষ্ঠানে বক্তব্যও রাখেন অধ্যাপক ইউনূস।


\r\n

এর আগে সকালে অনুষ্ঠানস্থলে পৌঁছালে চ্যান্সেলর তাঁকে লালগালিচা সংবর্ধনা জানান। অনুষ্ঠানে মালয়েশিয়ার শিক্ষাবিদ, নীতিনির্ধারক, শিক্ষক-শিক্ষার্থী এবং বাংলাদেশ থেকে আগত সফরসঙ্গীরা উপস্থিত ছিলেন।


\r\n

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে তিন দিনের রাষ্ট্রীয় সফরে গত সোমবার (১১ আগস্ট) কুয়ালালামপুরে পৌঁছান ইউনূস। মঙ্গলবার (১২ আগস্ট) পুত্রজায়ায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে আনোয়ার ইব্রাহিমের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন তিনি। বৈঠক শেষে দুই দেশের মধ্যে পাঁচটি সমঝোতা স্মারক (এমওইউ) এবং তিনটি নোট বিনিময় চুক্তি স্বাক্ষরিত হয়।

\r\n

বুধবারই তাঁর দেশে ফেরার কথা রয়েছে।