বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে পদত্যাগ করে ছাত্রদের গঠিত নতুন রাজনৈতিক দলের নেতৃত্ব গ্রহণের আহ্বান জানিয়েছেন।

\r\n

বুধবার (৯ এপ্রিল) জাতীয় প্রেস ক্লাবে ‘সংস্কার, জাতীয় নির্বাচন ও আগামীর বাংলাদেশ’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

\r\n

শামসুজ্জামান দুদু বলেন, “ড. ইউনূস ছাত্রদের দিয়ে একটি নতুন রাজনৈতিক দল গঠন করেছেন। অনেকে এর বিরোধিতা করলেও আমি করিনি। কারণ, ড. ইউনূস সবসময় সত্যের পক্ষে থাকেন, সাহসিকতার পরিচয় দেন। আপনি যেহেতু বিবেকবান, সত্য জানেন, তাহলে ছেলেদের মাঠে ঠেলে না দিয়ে নিজেই পদত্যাগ করে দলের দায়িত্ব নিন, নির্বাচনে অংশ নিন। যদি জনগণ ভোট দেয়, বিএনপি আপনাকে সর্বপ্রথম অভিনন্দন জানাবে।”

\r\n

তিনি আরও বলেন, “রাজনীতি করতে গিয়ে আপনি একটি মামলারও সম্মুখীন হননি। অথচ বিএনপির ৫০ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। বেগম খালেদা জিয়াকে চিকিৎসাহীন অবস্থায় কারাবরণ করতে হয়েছে। বিএনপি যে ধরনের চ্যালেঞ্জ নিতে পারে, তা অন্য কোনো দল পারে না।”

\r\n

সরকারকে উদ্দেশ করে দুদু বলেন, “বিএনপিকে রাস্তায় নামার আগেই নির্বাচন দিন। অন্যথায় বলব, হাসিনার পরিণতির দিকে তাকান। বিএনপি সবসময় জনগণের ভালোবাসা নিয়ে ক্ষমতায় এসেছে। তাই ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হতে হবে।”