আসন্ন জাতীয় নির্বাচনে প্রচারণার ক্ষেত্রে প্রথমবারের মতো পোস্টার ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ করেছে নির্বাচন কমিশন (ইসি)। পাশাপাশি ড্রোন ব্যবহার এবং বিদেশে প্রচারণা চালানোও নিষিদ্ধ করা হয়েছে।
সোমবার (১১ নভেম্বর) রাতে ইসি নতুন নির্বাচনী বিধিমালা গেজেট আকারে প্রকাশ করে। জানা গেছে, এই বিধিমালা নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সুপারিশ এবং ২০০৮ সালের আচরণবিধির সঙ্গে সমন্বয় করে প্রণয়ন করা হয়েছে। ইসি সূত্রে জানানো হয়েছে, নতুন বিধিমালায় পরিবেশবান্ধব ও নিয়ন্ত্রিত প্রচারণার ওপর জোর দেওয়া হয়েছে।
বিধিমালা অনুযায়ী, পরিবেশ দূষণ রোধ এবং ব্যয় নিয়ন্ত্রণের জন্য নির্বাচনী প্রচারণায় পোস্টার ব্যবহার একেবারেই নিষিদ্ধ। প্রার্থীর পক্ষে ২০টির বেশি বিলবোর্ড, ব্যানার বা ফেস্টুন ব্যবহার করা যাবে না।
ইসি আরও জানিয়েছে, “ড্রোন ব্যবহার এবং বিদেশে প্রচারণা কার্যক্রমে সম্পূর্ণ নিষেধাজ্ঞা থাকবে।”
নতুন বিধিমালায় সামাজিক যোগাযোগমাধ্যম নিয়ন্ত্রণেও কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে। অসৎ উদ্দেশ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে প্রচারণা চালানো সম্পূর্ণ নিষিদ্ধ।
এছাড়া, প্রার্থীদের আচরণবিধি মেনে চলার অঙ্গীকারনামা ইসিতে জমা দিতে হবে। প্রথমবারের মতো সব প্রার্থীকে একই মঞ্চে নির্বাচনী ইশতেহার ঘোষণা করতে হবে।
বিধিমালা লঙ্ঘনের ক্ষেত্রে কঠোর শাস্তির বিধান রাখা হয়েছে। কোনো প্রার্থী আচরণবিধি ভঙ্গ করলে সর্বোচ্চ ছয় মাসের কারাদণ্ড ও দেড় লাখ টাকা জরিমানা হতে পারে। রাজনৈতিক দলের ক্ষেত্রেও দেড় লাখ টাকা জরিমানা ধার্য রয়েছে। গুরুতর লঙ্ঘনের ক্ষেত্রে তদন্তের পর প্রার্থীর প্রার্থিতা বাতিল করার ক্ষমতাও ইসিকে দেওয়া হয়েছে।





