নরসিংদীর বেলাব উপজেলায় নিখোঁজের তিন দিন পর একটি ডোবা থেকে সাবেক ছাত্রলীগ নেতার মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাত আনুমানিক ৮টার দিকে স্থানীয়রা একটি ডোবায় মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।
নিহত ব্যক্তি আজীমূল কাদের ভূঁইয়া (৪৫)। তিনি বেলাব উপজেলার বাজনাবো ইউনিয়নের মৃত মান্নান ভূঁইয়ার ছেলে। আজীমূল কাদের ভূঁইয়া নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের বাজনাবো ইউনিয়ন কমিটির সাবেক সাধারণ সম্পাদক এবং উপজেলা ছাত্রলীগের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। পেশায় তিনি একজন পোলট্রি খামারি।
স্থানীয় ও পারিবারিক সূত্র জানায়, গত মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাত ৮টার দিকে নিজ এলাকার পোলট্রি খামার থেকে বের হওয়ার পর তিনি নিখোঁজ হন। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। স্বজনরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও সন্ধান না পেয়ে পরদিন বুধবার (২৮ জানুয়ারি) বেলাব থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। জিডিটি করেন নিহতের ভাগনে মো. উমর ফারুক।
সরেজমিনে জানা গেছে, নিখোঁজ হওয়ার প্রায় ১৫ দিন আগে আজীমূল কাদের ভূঁইয়া তার পোলট্রি খামারে কাজের জন্য দুজন শ্রমিক নিয়োগ দেন। তাদের একজনের নাম রুবেল হলেও অপরজনের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। পরিবার ও এলাকাবাসীর কেউই ওই দুই শ্রমিকের ঠিকানা সম্পর্কে কিছু জানেন না। নিখোঁজের পর থেকে শ্রমিক দুজনকেও পাওয়া যাচ্ছে না। পাশাপাশি খামারে থাকা সব মুরগিও উধাও হয়ে গেছে। এতে ঘটনাটি আরও রহস্যজনক বলে মনে করছেন স্থানীয়রা।
বেলাব থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নাসির উদ্দিন বলেন, জিডি দায়েরের পর পুলিশ নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারে তৎপরতা শুরু করে। পরে খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে বলে জানান তিনি।





