শ্রীলঙ্কা তাদের জলসীমার কাছে ডুবন্ত ইরানি যুদ্ধজাহাজ আইআরআইএস দেনা থেকে ‘গুরুতর আহত’ ৩২ নাবিককে উদ্ধার করেছে। জাহাজটি থেকে জরুরি বিপদ সংকেত পাঠানো হচ্ছিল বলে দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে।


বুধবার শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী পার্লামেন্টে জানান, শ্রীলঙ্কার সামরিক বাহিনী আহত নাবিকদের উদ্ধার করেছে। তিনি বলেন, জাহাজে মোট ১৮০ জন ক্রু ছিলেন। গুরুতর আহতদের শ্রীলঙ্কার দক্ষিণাঞ্চলের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।


পররাষ্ট্রমন্ত্রী কী কারণে জাহাজটি ডুবে গেছে তা জানাননি, তবে জানিয়েছেন, বিষয়টি নিয়ে শ্রীলঙ্কা যথাযথ ব্যবস্থা নেবে।


শ্রীলঙ্কার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, তারা আইআরআইএস দেনার বাকি নাবিকদের খোঁজে তল্লাশি চালাচ্ছে। জাহাজটি দেশের দক্ষিণ উপকূল থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে ডুবে গেছে। এক কর্মকর্তা বলেন, “আমরা তল্লাশি চালাচ্ছি, তবে বাকি ক্রুদের অবস্থান এখনও অজানা।”


উদ্ধার অভিযানে শ্রীলঙ্কার নৌবাহিনীর দুটি জাহাজ এবং একটি আকাশযান মোতায়েন করা হয়েছে।


আল জাজিরা জানিয়েছে, পার্লামেন্টে বিরোধীদলীয় এক আইনপ্রণেতা জিজ্ঞেস করেছিলেন, ইরানের বিরুদ্ধে মার্কিন ও ইসরায়েলের হামলার সময় ফ্রিগেটটিতে আঘাত হয়েছে কি না। তবে সরকার পক্ষ তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।


শ্রীলঙ্কার নৌ ও বিমান বাহিনী জানায়, অন্য রাষ্ট্রের সামরিক বাহিনী জড়িত থাকার কারণে তারা উদ্ধার অভিযানের ভিডিও প্রকাশ করবে না।


রয়টার্সের বরাত দিয়ে জানা গেছে, জরুরি সংকেত পাওয়ার পর শ্রীলঙ্কার নৌবাহিনী দ্রুত একটি উদ্ধার মিশন পাঠায়। স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, জাহাজটি থেকে সংকেত পাঠানো হয় দেশের দক্ষিণপশ্চিম উপকূলীয় শহর গাল থেকে। আহত নাবিকদের হাসপাতালে ভর্তি করার পর পুলিশ সেখানে নিরাপত্তা জোরদার করেছে।