অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলামকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। বুধবার (২৭ আগস্ট) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর স্বাক্ষরিত এক আদেশে এ পদায়ন করা হয়।

\r\n

শফিকুল ইসলাম ১৮তম বিসিএস পুলিশ ক্যাডারের কর্মকর্তা। ডিবিতে যোগদানের আগে তিনি ডিআইজি হিসেবে হাইওয়ে পুলিশে কর্মরত ছিলেন।

\r\n

প্রায় সাড়ে চার মাস শূন্য থাকার পর এই পদে নতুন নিয়োগ দেওয়া হলো। উল্লেখ্য, গত ১২ এপ্রিল ডিবির তৎকালীন প্রধান রেজাউল করিম মল্লিককে সরিয়ে ঢাকা রেঞ্জ ডিআইজি পদে বদলি করা হয়। এরপর থেকে যুগ্ম কমিশনার পদমর্যাদার একজন কর্মকর্তা ডিবির দায়িত্ব সামলাচ্ছিলেন।

\r\n

বগুড়ার সারিয়াকান্দি উপজেলার বাসিন্দা শফিকুল ইসলাম রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ১৯৯৯ সালে বিসিএস পুলিশ ক্যাডারে যোগদানের মাধ্যমে তিনি পেশাগত জীবনে প্রবেশ করেন। কর্মজীবনের শুরুতে তিনি লক্ষ্মীপুরে সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (এসি) হিসেবেও কাজ করেন।