ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিনে ছিল প্রার্থীদের ভিড়।


সোমবার (১৮ আগস্ট) সকাল থেকে নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের তৃতীয় তলায় রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনে প্রার্থীদের দীর্ঘ সারি দেখা যায়। অনেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন, আবার যারা আগেই নিয়েছিলেন তারা ফরম জমা দেন। প্রার্থীদের সঙ্গে আসেন তাদের সমর্থকরাও, ফলে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।


সংশ্লিষ্টদের ধারণা, কেন্দ্রীয় ডাকসুর বিভিন্ন পদের জন্য শেষ দিনে প্রায় শতাধিক প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।


ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা বলেন, “ডাকসুকে ঘিরে পুরো ক্যাম্পাসে উৎসবের আমেজ তৈরি হয়েছে। শিক্ষার্থীরা অবশ্যই যোগ্য প্রতিনিধিকে বেছে নেবেন।”


আগামী ২১ আগস্ট পর্যন্ত প্রার্থীদের বাছাই প্রক্রিয়া চলবে। এরপর চূড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ করবে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আগামী ২৫ আগস্ট অনুষ্ঠিত হবে ভোটগ্রহণ।