ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে স্বতন্ত্র আংশিক প্যানেলে লড়বেন পরিচিত কয়েকজন ছাত্র। এই প্যানেলে কোনও ভিপি বা জিএস পদ নেই; তারা বিভিন্ন সম্পাদক পদে প্রার্থী হবেন। এবি জুবায়ের, মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ, আব্দুর রহমান আল ফাহাদ, আশিক খানসহ অন্যরা এ প্যানেলের অংশ।
সোমবার (১৮ আগস্ট) মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিনে বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের তৃতীয় তলায় অবস্থিত ডাকসু নির্বাচন অফিস থেকে প্রার্থীরা জানান, তারা বিভিন্ন পদে মনোনয়নপত্র জমা দিচ্ছেন। মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে, আর এবি জুবায়ের সমাজসেবা সম্পাদক পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ বলেন, “ডাকসু নির্বাচনের জন্য অনেক চেষ্টা করেছি। প্রায় ৭ বছর পর ৯ সেপ্টেম্বর নির্বাচন হতে যাচ্ছে। শিক্ষার্থীদের সমর্থন নিয়ে সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে অংশ নিচ্ছি। সাহিত্য ক্ষেত্রে আমার শিক্ষা জীবনের অভিজ্ঞতা থেকে এই পদে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার চেষ্টা করব।
তিনি শিক্ষার্থীদের সতর্কতার সঙ্গে ভোট দেওয়ার আহবান জানান। তিনি বলেন, “ভোটের মাধ্যমে শিক্ষার্থীরা তাদের পছন্দের প্রার্থী বেছে নেবে। যেন বিগত বছরগুলোর মতো নির্বাচিত প্রার্থীরা শিক্ষার্থীদের ওপর জুলুম বা নির্যাতন চালাতে না পারে। ডাকসুতে নির্বাচিত প্রার্থীরাই শিক্ষার্থীদের প্রতিনিধি হিসেবে কাজ করবে।





