ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গ্রেপ্তার হওয়া ভুয়া সাংবাদিক জাহিদুল ইসলাম জাহিদকে (জাহিদ) আদালত কারাগারে পাঠিয়েছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানের আদালত শুনানি শেষে এই আদেশ দেন।
জাহিদকে ফৌজদারী কার্যবিধি আইনের ৫৪ (১) ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হয়। শাহবাগ থানার উপপরিদর্শক মো. তৌফিক হাসান আদালতে আবেদন করেন, তাকে কারাগারে আটক রাখা হোক।
আবেদনে বলা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় ডাকসু নির্বাচন উপলক্ষে নিরাপত্তা জোরদার করা হয়েছিল। মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে জাহিদ সন্দেহজনকভাবে ক্যাম্পাসে ঘোরাফেরা করায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম তাকে আটক করে। পরে তাকে শাহবাগ থানা পুলিশের হেফাজতে দেওয়া হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জাহিদ নিজের নাম ঠিকানা স্বীকার করেন, তবে সাংবাদিক হিসেবে বৈধ কোনো পরিচয়পত্র দেখাতে পারেননি। তদন্তে জানা যায়, ভোট গ্রহণ চলাকালীন সময়ে ক্যাম্পাসে প্রবেশের বিধিনিষেধ থাকা সত্ত্বেও তিনি অনধিকার প্রবেশ করেছিলেন।
আসামিকে আপাতত ফৌজদারী কার্যবিধি আইনের ৫৪ (১) ধারা মোতাবেক আদালতে প্রেরণ করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা আদালতের অনুমতি সাপেক্ষে নেওয়া হবে।
পরে জাহিদের পক্ষ থেকে জামিন আবেদন করা হলেও, রাষ্ট্রপক্ষের বিরোধিতার পর আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।





