ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ঢাকসু) নির্বাচনে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে বিরোধিতা করা কোনো ছাত্রসংগঠন অংশগ্রহণ করতে পারবে কি না—এমন প্রশ্ন তুলেছেন জাতীয়তাবাদী ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন।

রোববার (২০ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আয়োজিত ঢাকসু নির্বাচনের তফসিল নিয়ে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এ প্রশ্ন তোলেন।

শিপন বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন গণঅভ্যুত্থানের পর প্রায় এক বছর অতিক্রম করেছে। এ সময়ের মধ্যে এমন কিছু নিরাপত্তাজনিত ঘটনা ঘটেছে, যা বিগত স্বৈরাচারী আমলেও দেখা যায়নি। বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থীকে হত্যা, হলের ভেতরে নির্মমভাবে একজন বহিরাগতকে হত্যা—এসব ঘটনা আমাদের সবাইকে নাড়া দিয়েছে।”

তিনি অভিযোগ করেন, এসব ঘটনার এখনো পর্যন্ত কোনো সুষ্ঠু তদন্ত কিংবা বিচার প্রক্রিয়া দৃশ্যমান হয়নি।

প্রশাসনের উদ্দেশে শিপন প্রশ্ন তোলেন, “যারা মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার বিরোধিতা করেছিল, সেই আদর্শে পরিচালিত কোনো ছাত্রসংগঠনকে কি ঢাকসু নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে? এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের অবস্থান পরিষ্কার হওয়া উচিত।”

সভায় ঢাবির বিভিন্ন ছাত্রসংগঠনের প্রতিনিধি, শিক্ষার্থী ও প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।