ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে নতুন করে আরও ১৩ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এর মধ্যে ভাইস প্রেসিডেন্ট (ভিপি) পদের জন্য মনোনয়ন নিয়েছেন তিনজন, বাকি ১০ জন অন্যান্য পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনয়নপত্র নিয়েছেন।


\r\n

বুধবার (১৩ আগস্ট) বিকেলে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন।


\r\n

তিনি জানান, এর আগের দিন মঙ্গলবার (১২ আগস্ট) সাতজন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন, যাদের মধ্যে দুইজন ভিপি পদের। সব মিলিয়ে দুই দিনে ভিপি পদের জন্য মনোনয়ন সংগ্রহ করেছেন পাঁচজন। এছাড়া এখন পর্যন্ত মোট চারজন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন।


\r\n

হল সংসদ নির্বাচনের বিষয়ে তিনি বলেন, ইতোমধ্যে ১৮টি হল থেকে মোট ১৮টি মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।


\r\n

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নির্বাচন কমিশন জানায়, ডাকসুর সভাপতি ও কোষাধ্যক্ষ পদের বিষয়ে বিভিন্ন ছাত্র সংগঠনের আপত্তি গঠনতন্ত্র অনুযায়ী নিষ্পত্তি করা হয়েছে। এই বিষয়ে কমিশনের হস্তক্ষেপের সুযোগ নেই।


\r\n

এছাড়া এখন পর্যন্ত কোনো প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের কোনো অভিযোগ জমা পড়েনি বলেও জানান প্রধান নির্বাচন কমিশনার।