ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনকে ঘিরে পূর্বে ঘোষিত ছুটি বাতিল করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এখন শুধু ভোটগ্রহণের দিন, আগামী ৯ সেপ্টেম্বর (মঙ্গলবার), সব ধরনের ক্লাস ও পরীক্ষা স্থগিত থাকবে।


\r\n

বুধবার (৩ সেপ্টেম্বর) রাতে এক জরুরি সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্তের বিষয়টি জানান ডাকসু নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. জসীম উদ্দিন।


\r\n

তফসিল অনুযায়ী, আগামী ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ডাকসু নির্বাচনের ভোটগ্রহণ। এর আগে প্রশাসন ৭ থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত চার দিনের ছুটি ঘোষণা করেছিল। তবে দীর্ঘ ছুটি থাকায় অনেক শিক্ষার্থী ক্যাম্পাস ছেড়ে বাইরে চলে যেতে পারেন—এমন আশঙ্কা থেকে প্রার্থীদের পক্ষ থেকে ছুটি বাতিলের দাবি ওঠে।


\r\n

এবারের নির্বাচনে ছাত্রদল, গণতান্ত্রিক ছাত্রসংসদ, বাম সংগঠন ও ছাত্রশিবিরসহ মোট প্রায় ১০টি প্যানেল মনোনয়ন দিয়েছে। ডাকসুর ২৮টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪৭১ জন প্রার্থী, এর মধ্যে নারী প্রার্থী রয়েছেন ৬২ জন। সবচেয়ে বেশি প্রার্থী লড়ছেন সদস্য পদে—সংখ্যা ২১৭। এছাড়া ১৮টি হলের ১৩টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট এক হাজার ৩৫ প্রার্থী।