ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভূমিধস জয় পেয়েছে ইসলামী ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট। সহসভাপতি (ভিপি), সাধারণ সম্পাদক (জিএস) ও সহ-সাধারণ সম্পাদক (এজিএস)সহ বেশিরভাগ পদে জয়ী হয়েছেন এই প্যানেলের প্রার্থীরা।
বুধবার (১০ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবন থেকে চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন চিফ রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক মোহাম্মদ জসীম উদ্দিন।
ভিপি পদে ছাত্রশিবিরের নেতা সাদিক কায়েম ১৪ হাজার ৪২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। জিএস পদে এস এম ফরহাদ পেয়েছেন ১০ হাজার ৭৯৪ ভোট এবং এজিএস পদে মুহা. মহিউদ্দীন খান পেয়েছেন ১১ হাজার ৭৭২ ভোট।
ডাকসুর ১২টি সম্পাদকীয় পদের মধ্যে ৯টিতে জয় পেয়েছেন ছাত্রশিবির সমর্থিত প্যানেলের প্রার্থীরা। বাকি তিনটি পদে জয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা। মোট ২৮টি পদের মধ্যে সদস্যপদ রয়েছে ১৩টি, যার ফলাফল ঘোষণার প্রক্রিয়া চলমান।
জয়ী প্রার্থীদের মধ্যে রয়েছেন—
মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক: ফাতেমা তাসনিম জুমা
বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক: ইকবাল হায়দার
কমন রুম, রিডিং রুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক: উম্মে ছালমা
আন্তর্জাতিক সম্পাদক: জসীমউদ্দিন খান
ক্রীড়া সম্পাদক: আরমান হোসেন
ছাত্র পরিবহন সম্পাদক: আসিফ আব্দুল্লাহ
ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক: মাজহারুল ইসলাম
স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক: এম এম আল মিনহাজ
মানবাধিকার ও আইন সম্পাদক: মো. জাকারিয়া
স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে জয়ী হয়েছেন—
সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক: মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ
গবেষণা ও প্রকাশনা সম্পাদক: সানজিদা আহমেদ তন্বি
সমাজসেবা সম্পাদক: যুবাইর বিন নেছারী
গত ৯ সেপ্টেম্বর সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এবার ডাকসুর ২৮টি পদের বিপরীতে প্রার্থী ছিলেন ৪৭১ জন। পাশাপাশি ১৮টি হল সংসদের ২৩৪টি পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করেছেন ১ হাজার ৩৫ জন প্রার্থী।
ডাকসুর মোট ভোটার ছিলেন ৩৯ হাজার ৮৭৪ জন। এর মধ্যে ১৮ হাজার ৯৫৯ জন ছাত্রী এবং ২০ হাজার ৯১৫ জন ছাত্র ভোটার তালিকাভুক্ত ছিলেন।





