ডাকসু নির্বাচনের তফসিল অনুযায়ী মঙ্গলবার বিকেল ৪টায় শেষ হবে প্রার্থীদের মনোনয়নপত্র সংগ্রহের সময়। তবে এখন পর্যন্ত ছাত্রশিবিরের নেতারা মনোনয়নপত্র সংগ্রহ করেননি।


সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ও কেন্দ্রীয় নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, তারা শেষ দিনে, অর্থাৎ আগামীকাল মঙ্গলবার মনোনয়নপত্র সংগ্রহ করবেন। প্রাথমিকভাবে ছাত্রশিবির প্যানেল চূড়ান্ত করেছে।


মনোনয়নপত্র সংগ্রহের পর আনুষ্ঠানিকভাবে প্যানেল ঘোষণা করা হতে পারে। সূত্রের তথ্য অনুযায়ী, এবার ছাত্রশিবির একটি ইনক্লুসিভ প্যানেল তৈরি করার চেষ্টা করছে, যেখানে নারী, ভিন্ন ধর্মাবলম্বী ও পাহাড়ী শিক্ষার্থীরাও অন্তর্ভুক্ত হতে পারেন। তবে ডাকসুর মূল তিনটি পদে ছাড় দেওয়া হবে না।


শীর্ষ তিনটি পদে—সহ-সভাপতি (ভিসি), সাধারণ সম্পাদক (জিএস) ও সহ-সাধারণ সম্পাদক (এজিএস)—প্রতিদ্বন্দ্বিতা করবেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক ও বর্তমান নেতারা। সহ-সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন শাখার সাবেক সভাপতি ও বর্তমানে কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক মো. আবু সাদিক কায়েম। সাধারণ সম্পাদক পদে শাখার বর্তমান সভাপতি এস এম ফরহাদ, এবং সহ-সাধারণ সম্পাদক পদে শাখার বর্তমান সেক্রেটারি মহিউদ্দিন খান প্রতিদ্বন্দ্বিতা করবেন।


ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার কমিটি ১৮ সদস্যের। এই কমিটির সব সদস্য ডাকসু নির্বাচনে প্রার্থী হতে পারেন। এছাড়া কমিটির বাইরে থাকা কর্মীরাও হল সংসদগুলোতে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন।


ঢাবি শাখার প্রচার সম্পাদক মু. সাজ্জাদ হোসাইন খাঁন জানিয়েছেন, আগামীকাল সকাল ১১টায় ছাত্রশিবির মনোনীত প্রার্থীরা মনোনয়ন ফরম সংগ্রহ করবেন। কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে প্যানেল ঠিক করা হয়েছে, তবে চূড়ান্ত প্যানেল এখনও ঘোষণা করা হয়নি। আগামীকাল মনোনয়ন ফরম সংগ্রহের শেষ দিনে তা জানা যাবে। তারা একটি ইনক্লুসিভ প্যানেল করার পরিকল্পনা করছেন।