ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে বিএনপির সহযোগী সংগঠন ছাত্রদলের মনোনয়নপত্র সংগ্রহ ঠেকাতে ‘মব’ করা হয়েছে বলে অভিযোগ করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরে জিয়াউদ্দিন মাজারে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই অভিযোগ করেন।

রিজভী বলেন, “সারা দেশে আইনবহির্ভূতভাবে ছাত্র ও তরুণদের ওপর মব করা হচ্ছে। ডাকসু নির্বাচনেও এর ব্যতিক্রম হয়নি। শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলে ছাত্রদলের নেত্রীকে মনোনয়নপত্র সংগ্রহ করতে বাধা দেওয়া হয়েছে। এটি একটি ভয়ঙ্কর দৃষ্টান্ত।”

তিনি আরও বলেন, “একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য একটি নিরপেক্ষ অন্তর্বর্তী সরকারের প্রয়োজন, যা এমন পরিবেশ তৈরি করবে যেখানে মানুষ ভয় ছাড়া ভোট দিতে পারবে। জাতি এখন একটি নিরপেক্ষ নির্বাচনের রোডম্যাপের অপেক্ষায় রয়েছে।”

এ সময় ভোটকেন্দ্র পুনর্বিন্যাসের দাবি জানিয়ে রিজভী বলেন, “যেসব কেন্দ্র রাজনৈতিক বিবেচনায় স্থাপন করা হয়েছে, সেগুলো বাতিল করে ভোটারবান্ধব কেন্দ্রে রূপান্তর করতে হবে। ফ্যাসিবাদী সরকারের সময় রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে এসব কেন্দ্র নির্ধারণ করা হয়েছে।”

শ্রদ্ধা নিবেদনের সময় উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল, স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক মীর সরফত আলী সপু, বর্তমান সভাপতি এসএম জিলানী, সাধারণ সম্পাদক রাজীব আহসান, সিনিয়র সহ-সভাপতি ইয়াছিন আলী, সহ-সভাপতি ফখরুল ইসলাম রবিন, ডা. জাহেদুল কবির, সরদার নূরুজ্জামান ও বাবুল সারেংসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।