ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে গণতন্ত্রের জয় হয়েছে বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।
বুধবার (১০ সেপ্টেম্বর) দুপুরে ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, “ডাকসু নির্বাচনে বিজয়ী ও বিজিত সবাইকে অভিনন্দন। জয়-পরাজয় মুখ্য নয়, ভোট দেওয়ার অধিকার ফিরে আসাটাই গুরুত্বপূর্ণ। এটা গণতন্ত্রের বিজয়, বর্ষা বিপ্লবের পর নতুন বাংলাদেশের বিজয়।”
উল্লেখ্য, এবারের ডাকসু নির্বাচনে ২৮টি পদের মধ্যে ২৩টিতে জয়ী হয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট। ভিপি পদে সাদিক কায়েম, জিএস পদে এসএম ফরহাদ এবং এজিএস পদে মুহা. মহিউদ্দীন খানসহ জোটের প্রার্থীরা বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন।
এ ছাড়া মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক, আন্তর্জাতিক সম্পাদক, মানবাধিকার ও আইন সম্পাদকসহ আরও বহু পদে জয় পেয়েছে ঐক্যবদ্ধ জোট। প্যানেলের বাইরে পাঁচ পদে জয় পেয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা।
মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ হয়। শান্তিপূর্ণ পরিবেশে শেষ হওয়া এই নির্বাচনে ভোটার ছিলেন মোট ৩৯ হাজার ৮৭৪ জন।





