ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ফলাফল আজ মঙ্গলবার রাতের মধ্যেই ঘোষণা করা হবে বলে জানিয়েছেন প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক মোহাম্মদ জসীম উদ্দিন।

তিনি বলেন, কিছু কেন্দ্রের গণনা শেষ হয়েছে, তবে কিছু কেন্দ্রের গণনা এখনও চলমান। ভোট গণনার জন্য ওএমআর মেশিন ব্যবহার করা হচ্ছে এবং সব কেন্দ্রে একসঙ্গে স্বচ্ছভাবে গণনা করা হচ্ছে। ফল প্রকাশের সুনির্দিষ্ট সময় বলা যাচ্ছে না, তবে আজ রাতের মধ্যেই তা ঘোষণা হবে।

ফল গণনায় দেরির কারণ হিসেবে অধ্যাপক জসীম উদ্দিন বলেন, “ডাকসুর ব্যালটের পাঁচটি পাতা মেশিনে দেওয়ার আগে আলাদা করতে হচ্ছে। প্রতিটি বাক্স খোলার সঙ্গে সঙ্গে এই প্রক্রিয়া সম্পন্ন করতে হচ্ছে, এজন্য সময় লাগছে।”

আজ সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ শেষ হওয়ার পর বর্তমানে আটটি কেন্দ্রে ডাকসু ও হল সংসদ নির্বাচনের ভোট গণনা চলছে। নির্বাচনে কারচুপির অভিযোগ তুলেছেন ছাত্রদল, ছাত্রশিবির এবং অন্যান্য প্যানেলের প্রার্থীরা।