ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের আমেজ ছড়িয়ে পড়েছে সর্বত্র। শেষ মুহূর্তে প্রচার-প্রচারণা শেষ হলেও, এবার নির্বাচনী মাঠে এসেছে এক ব্যতিক্রমী চমক—যা দেশের গণ্ডি ছাড়িয়ে পৌঁছেছে আন্তর্জাতিক অঙ্গনেও।


\r\n

ক্রীড়া সম্পাদক পদপ্রার্থী মুহাইমেনুল ইসলাম তকির সমর্থনে ভিডিওবার্তা পাঠিয়েছেন পাকিস্তান ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও কোচ মিসবাহ-উল-হক। রোববার (৭ সেপ্টেম্বর) প্রকাশিত ভিডিও বার্তাটিতে মিসবাহ তকিকে শুভেচ্ছা ও সাফল্য কামনা করেন।


\r\n

মিসবাহ বলেন,
\r\n
“আসসালামু আলাইকুম তকি ভাই, আমি আশা করি আপনি ভালো আছেন। আপনি একজন ভালো ক্রিকেটার ও ভালো মানুষ। আমার আশা, আপনি ৯ সেপ্টেম্বরের নির্বাচনে ভালো করবেন। সবাই আপনার পাশে আছে। আমার তরফ থেকে অনেক দোয়া রইল। ইনশাআল্লাহ, আপনি সফল হবেন।”


\r\n

তকি এবারের নির্বাচনে সমন্বিত শিক্ষার্থী সংসদ প্যানেল থেকে ক্রীড়া সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। মাঠের ক্রিকেটেও তিনি সক্রিয়, ঢাকা লিগের একজন খেলোয়াড় হিসেবে পরিচিত।


\r\n

দেশের বাইরে থেকে এমন ভিডিওবার্তা ডাকসু নির্বাচনে বেশ বিরল ঘটনা হলেও, দেশের ক্রিকেটাঙ্গনের অনেকেই বিভিন্ন প্রার্থীর পক্ষে শুভেচ্ছা জানিয়েছেন। নির্বাচনের শুরুতে জাতীয় দলের দুই ক্রিকেটার—তাওহীদ হৃদয় ও তানজিম হাসান সাকিব—অন্য এক ক্রীড়া সম্পাদক পদপ্রার্থী জহিন হোসেন জামিকে শুভেচ্ছা জানান ভিডিও বার্তার মাধ্যমে।


\r\n

এবারের ডাকসু নির্বাচন শুধু শিক্ষাপ্রতিষ্ঠানেই নয়, সামাজিক যোগাযোগমাধ্যম ও ক্রীড়াঙ্গনেও ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।