বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুল ছাত্রদলের নেতাকর্মীদের ওপর বিরক্তি প্রকাশ করেছেন। সম্প্রতি জামালপুরের মাদারগঞ্জে এক সভায় তিনি জানতে চান, “ডাকসুর পূর্ণরূপ কী?”—কিন্তু উপস্থিত ছাত্রদল নেতাকর্মীরা কেউই উত্তর দিতে পারেননি।
এ সময় ক্ষোভ প্রকাশ করে বাবুল বলেন, “হায়রে ছাত্রদল! আমরা বলি ছাত্রসমাজকে নেতৃত্ব দেব, কিন্তু নেতৃত্ব দেওয়ার ন্যূনতম যোগ্যতাও আমাদের নেই। যোগ্যতা না থাকাতেই ডাকসু, জাকসু, চাকসু, রাকসুতে ওরা (শিবির) জেতে।”
সম্প্রতি ওই বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এর আগে শনিবার (১৮ অক্টোবর) বিকেলে মাদারগঞ্জের বীরগোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিএনপির অঙ্গসংগঠন যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের যৌথ সভায় তিনি এসব কথা বলেন।
সভায় মোস্তাফিজুর রহমান বাবুল বলেন, “চারটি বিশ্ববিদ্যালয়ে একই ছাত্রসংগঠন বিপুল ভোটে জিতেছে। কারণ আমাদের যোগ্যতা নেই, মেধা নেই, কাজ নেই, সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে সম্পর্কও নেই। কলেজ, স্কুল, বিশ্ববিদ্যালয়—কোথাও আমাদের ইতিবাচক ভূমিকা নেই।”
তিনি আরও বলেন, “আল্লাহ চাইলে ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপি ক্ষমতায় যেতে পারে, কিন্তু মানুষের মন জয় করতে না পারলে বেশিদিন টিকে থাকা কঠিন হবে। ইতিমধ্যেই ভোট কমছে, এটা বাস্তবতা।”
পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রসঙ্গে তিনি বলেন, “ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, জাহাঙ্গীরনগর—এই বিশ্ববিদ্যালয়গুলোয় দেশের সেরা মেধাবী শিক্ষার্থীরা পড়ে। ওরা ভোট দেয়নি। ওরা মাদারগঞ্জ-মেলান্দহেরই সন্তান, কিন্তু তাদের মন আমরা জিততে পারিনি।”
ভিডিওটি ছড়িয়ে পড়ার পর ছাত্রদল নেতাসহ অনেকে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছেন।
দলীয় সূত্রে জানা গেছে, মোস্তাফিজুর রহমান বাবুল জামালপুর-৩ (মাদারগঞ্জ-মেলান্দহ) আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী হিসেবে এলাকায় প্রচারণা চালাচ্ছেন।





