ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের তফসিল চূড়ান্ত করতে অংশীজনদের সঙ্গে বৈঠকে বসেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

রোববার (২০ জুলাই) সকাল ১০টার পর বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এ সভা শুরু হয়। এতে নির্বাচন কমিশন, বিশ্ববিদ্যালয় প্রশাসন, ডিনস কমিটি, প্রভোস্ট কমিটি এবং বিভিন্ন রাজনৈতিক ছাত্র সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।

সভা সূত্রে জানা গেছে, ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণা হতে পারে আগামী ২৯ জুলাই, আর ভোটগ্রহণ অনুষ্ঠিত হতে পারে সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে।

সভায় জানানো হয়, নির্বাচন কেন্দ্রীয়ভাবে নিরপেক্ষ ছয়টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে, যাতে ভোটগ্রহণের প্রক্রিয়া সুষ্ঠু ও স্বচ্ছ হয়।

এছাড়া, ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের অংশগ্রহণ প্রসঙ্গে সভায় জানানো হয়, যেসব শিক্ষার্থীর মাস্টার্সের ফলাফল ইতোমধ্যে প্রকাশিত হয়েছে, তারা ভোটার বা প্রার্থী হওয়ার যোগ্য হবেন না।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, প্রয়োজন হলে ডাকসু সংবিধানের সংশ্লিষ্ট বিধান ঢাকা বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের সিদ্ধান্তে সংশোধন করা যেতে পারে।

উল্লেখ্য, ডাকসু নির্বাচন নিয়ে দীর্ঘদিন ধরে আলোচনা-আন্দোলন চলছিল। নতুন করে এই নির্বাচন আয়োজনকে ঘিরে শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ তৈরি হয়েছে