ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি আবাসিক হলে আধুনিক কম্পিউটার ল্যাব স্থাপন করা হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)। শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধি ও ক্যারিয়ার উন্নয়নের লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে। শনিবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন ডাকসুর ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক মো. মাজহারুল ইসলাম।
তিনি জানান, ‘আইটি ও ক্যারিয়ার সেন্টার’ নামে এই ল্যাবগুলো শিক্ষার্থীদের গবেষণা, থিসিস প্রস্তুতি, ডেটা বিশ্লেষণ এবং অন্যান্য একাডেমিক কাজে সহায়তা করবে। একইসঙ্গে প্রযুক্তিগত দক্ষতা অর্জনের একটি প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে এই ল্যাব।
মাজহারুল ইসলাম বলেন, আধুনিক শিক্ষা ব্যবস্থায় কম্পিউটার একটি অপরিহার্য অনুষঙ্গ। বর্তমান প্রেক্ষাপটে শিক্ষা, দক্ষতা উন্নয়ন, জ্ঞানচর্চা ও কর্মসংস্থানের সঙ্গে প্রযুক্তির সরাসরি সম্পর্ক রয়েছে। সেই বিবেচনায় প্রতিটি হলেই একটি করে আধুনিক কম্পিউটার ল্যাব স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, এসব ল্যাব চালু হলে শিক্ষার্থীরা ক্লাসরুমের বাইরে থেকেও গবেষণা ও একাডেমিক কাজ সহজে ও দ্রুত করতে পারবে। এছাড়া, অনলাইনের বিভিন্ন সুবিধা তারা ব্যবহার করতে পারবে, যা চাকরির প্রতিযোগিতামূলক বাজারে নিজেকে প্রস্তুত করতে সহায়ক হবে।
বিশ্ববিদ্যালয় প্রশাসনকে এই পরিকল্পনার বিষয়ে অবহিত করা হয়েছে এবং তারা এই উদ্যোগকে ইতিবাচকভাবে গ্রহণ করেছে।





